ছবি: সংগৃহীত
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের শেষদিনে কেবল উত্তর প্রদেশে হিট স্ট্রোকে ৩৩ জন পোলিং কর্মী মারা গেছেন। রোববার উত্তর প্রদেশের প্রধান নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়া এ বিষয়ে জানিয়েছেন।
রোববার রিনওয়া সাংবাদিকদের বলেছেন, ‘উত্তর প্রদেশে শনিবারের শেষ দফার নির্বাচনে নিরাপত্তারক্ষী ও সাফাই কর্মীসহ ৩৩ জন পোলিং কর্মী গরমের কারণে মারা গেছেন। মৃতদের পরিবারকে ১৫ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।’
বালিয়াতে লাইনে দঁাড়িয়ে থাকা এক ভোটারের জ্ঞান হারানোর আরেকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওই ভোটারকে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে পেঁৗছানোর পরে তাকে মৃত ঘোষণা করা হয়।’
তীব্র তাপপ্রবাহে দেশটির বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। কিন্তু একই রাজ্যে একই দিনে এতজন পোলিং কর্মীর মারা যাওয়ার ঘটনা নিয়ে চলছে আলোচনা।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, শনিবার ঝঁাসি শহরের তাপমাত্রা ৪৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পেঁৗছেছিল। আর বালিয়াতে তাপমাত্রা ৬১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।
দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে, শনিবার সারা দেশে গরমের কারণে ৫৮ জন মারা গেছে। বিহার, ওড়িশা ও মধ্য প্রদেশেও গরমের কারণে মৃত্যুর খবর পাওয়া গেছে। বিহারে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ নির্বাচন কর্মী বা ভোটারদের মধ্যে ১০ জন মারা গেছেন। ওড়িশায় গরমের কারণে মারা গেছেন নয়জন। আগামীকাল মঙ্গলবার সব ধাপের লোকসভা নির্বাচনের সম্পূর্ণ ফল প্রকাশিত হবে।
এস এইচ টি/




