ছবি: নিজস্ব
প্রতিটি কাজের মূল উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ,তাকওয়াপূর্ণ জীবন-যাপনে অভ্যস্ত হওয়া সহ ইমান ও আমলের মেহনত সর্ম্পকে আলোচনার মধ্য দিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে ভারতের দিল্লি নিজামুদ্দিন মারকাজের আমীর মাওলানা সাদ কান্দলবি’র অনুসারী তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর শহরতলীর গোমড়া এলাকার পুলিশ লাইন্সের পাশে তাবলীগ জামাতের নিজস্ব মাঠে বাদ ফজর সিলেটের শুরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস এর বয়ানের মধ্যদিয়ে শুরু হয় তিনদিনের জেলা ইজতেমার মূল পর্ব। এর পর ধারাবাহিকভাবে দুপুর পর্যন্ত তাবলীগের ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের মুরব্বীরা বয়ান করেন।
জোহরের নামাজের পর বয়ান করেন, থাইল্যান্ড থেকে আসা তাবলীগের মুরব্বী মাওলানা আছরি। অনুবাদ করেন মাওলানা আব্দুল কুদ্দুস। আছরের নামাজের পর জেলা তাবলীগ জামাতের আমীর মোঃ আব্দুল হাই বযান করবেন। বাদ মাগরিব কাকরাইল মসজিদের মুরব্বিরা বয়ান করবেন বলে জানিয়েছেন তাবলীগ জামাতের আমীর মোঃ আব্দুল হাই।
তিনি জানান, প্রতিদিন ফজরের পর থেকে যারা বয়ান করবেন তাদের বিষয়ে প্রতি রাতে এশার নামাজ শেষে শুরার মাধ্যমে বসে সিদ্ধান্ত নেয়া হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




