কানাডার নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধ!
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩৮ AM

কানাডার নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৪:১৬:১৭ AM

কানাডার নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধ!

ফাইল ছবি


অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। ফলে, কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের আরও অবনতি হলো। প্রায় একই সঙ্গে কানাডাও ভারতে তাদের হাইকমিশনের কর্মী সংখ্যা অনেক কমিয়ে দিতে চলেছে বলে শোনা যাচ্ছে। এটা সত্য হলে একই ব্যবস্থা ভারতও গ্রহণ করবে।

অনলাইন ভিসা দেওয়ার কাজ যে সংস্থা করে সেই ‘বিএলএস ইন্টারন্যাশনাল’ এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, প্রয়োগ–সংক্রান্ত কারণে আপাতত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত রাখা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।

বিষয়টি স্বীকার করেছে ভারত। এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেছেন, ‘আপনারা জানেন কানাডায় আমাদের দূতাবাস ও কনস্যুলেটের কর্মীরা নিরাপত্তা হুমকির মধ্যে আছে… এ বিষয়টি ভিসা প্রক্রিয়ার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করেছে। এ কারণে আমাদের দূতাবাস এবং কনস্যুলেটগুলো অস্থায়ীভাবে ভিসা সেবা প্রদান করতে পারছে না। আমরা এ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখব।’

অরিন্দম বাগচি জানিয়েছেন, ভারত কানাডার নাগরিকদের ই-ভিসা প্রদানও স্থগিত করে দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, ‘কানাডা ভিসা প্রদানের ক্ষেত্রে যে বৈষম্য করে’ এ বিষয়টি সেটির সঙ্গেই সংশ্লিষ্ট।

তিনি বলেছেন, ‘সব ক্যাটাগরির ভিসা স্থগিত করা হয়েছে। বিষয়টি ভারতে ভ্রমণ করা নয়… যাদের আগে থেকেই ভিসা আছে তারা কোনো ধরনের বাঁধা ছাড়া ভারতে ভ্রমণ করতে পারবেন। আমাদের দূতাবাস এবং কনস্যুলেট যে সমস্যার মুখোমুখি হচ্ছে সেগুলো দূর করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করার বিষয়টিই মুখ্য।’

স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো খালিস্তানি আন্দোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে কানাডার সঙ্গে ভারতের টানাপোড়েন চলছে। ভারতের চোখে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতবাদী শিখ সম্প্রদায়ের হরদীপ সিং নিজ্জর গত জুনে খুন হন। তাঁর হত্যাকাণ্ডের পেছনে ভারতের এজেন্টদের হাত ছিল এমন ‘বিশ্বাসযোগ্য তথ্য’ তাঁদের হাতে রয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এই অভিযোগে কানাডা ভারতীয় দূতাবাসের এক শীর্ষ কর্তাকেও বহিষ্কার করে। তারপর থেকেই দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি ঘটতে থাকে। 

ভিসা বন্ধ ও দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত তারই অংশ। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও কানাডা দূতাবাসের এক শীর্ষ কর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

ভারত-কানাডা সম্পর্ক এমন খারাপ পর্যায়ে কোনোদিন যায়নি। কানাডার সঙ্গে এভাবে ভিসা সম্পর্কে সাময়িক ছেদ করার ঘটনাও এই প্রথম।

কোভিডের সময় অবশ্য বহু দেশের নাগরিকদের জন্যই ভিসা স্থগিত রাখা হয়েছিল। কিন্তু তা ছিল অন্য বিষয়।


-প্রথম আলো

SH