প্রতীকী ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় গলায় ফাঁস লাগানো অবস্থায় রাহেল মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর এলাকার গয়াহরি হোমল্যান্ড আইডিয়াল স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাহেল মিয়া নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের আলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহেলের বাবা আলাল মিয়া স্কুলে নাইটগার্ডের চাকরির পাশাপাশি জীবিকার প্রয়োজনে গাড়ি চালাতেন। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যান। এ সময় তার ছেলে রাহেল মিয়া দোকান বন্ধ করে একা ঘরে প্রবেশ করেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে গাড়ির রাবারের বেল্ট ও রশি ব্যবহার করে গলায় ফাঁস নেন তিনি।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সাদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
জৈন্তা বার্তা/আরআর




