সংগৃহিত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে হঠাৎ বেড়েছে মোটরসাইকেল চুরির ঘটনা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৌর এলাকার পৃথক দুটি স্থান থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। এর মধ্যে একটি চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দিনের আলোতে প্রকাশ্যে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয় বাইকচালক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম চুরির ঘটনাটি ঘটে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের ব্যস্ততম হবিবপুর এলাকায়। ভুক্তভোগী তার মোটরসাইকেলটি রাস্তার পাশে লক করে ব্যক্তিগত কাজে কিছু সময়ের জন্য দূরে যান। এ সুযোগে চোর লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন ভুক্তভোগী ও স্থানীয়রা। ফুটেজে দেখা যায়, নীল রঙের টি-শার্ট পরা এক যুবক লক করা লাল রঙের একটি ১০০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের সড়ক দিয়ে চলে যাচ্ছে।
এদিকে প্রথম ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পৌরশহরের বটেরতল এলাকা থেকে আরও একটি মোটরসাইকেল চুরি হয়েছে। দিনের আলোতে চোখের পলকে মোটরসাইকেলটি চুরি হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় কয়েকজনের ধারণা, এসব চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র জড়িত থাকতে পারে। তারা দ্রুত চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে জগন্নাথপুর থানা পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




