ছবি : সংগৃহীত
সৌদি আরব রমজান ১৪৪৭ হিজরিতে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, সুরক্ষা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ব্যাপক নির্দেশিকা জারি করেছে। মক্কার পবিত্র মসজিদে আগত দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপগুলো একটি সমন্বিত পরিচালন পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হলো ভিড় নিয়ন্ত্রণ, জরুরি প্রস্তুতি জোরদার করা এবং যাতে হাজিরা শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ইবাদত আদায় করতে পারেন তা নিশ্চিত করা।
সর্বোচ্চ ভিড় ব্যবস্থাপনা: রমজানে, বিশেষ করে শেষ দশকে, লাখো মুসল্লি সমবেত হন। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে নামাজের আগে ও পরে গ্র্যান্ড মসজিদের আশপাশের কেন্দ্রীয় এলাকায় তীব্র ভিড় দেখা দেয়। মুসল্লিদের নিরাপত্তাকর্মীদের নির্দেশনা, সাইনবোর্ড এবং নির্ধারিত পথ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। শান্ত থাকা এবং চলাচলের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ডিজিটাল ও পরিবহন ব্যবস্থা: মসজিদের প্রবেশপথে এখন ডিজিটাল নির্দেশক স্থাপন করা হয়েছে—সবুজ রং মানে প্রবেশ উন্মুক্ত, লাল রং মানে পূর্ণ ধারণক্ষমতা। দর্শনার্থীদের বাস, ট্যাক্সি এবং হারামাইন উচ্চগতির রেলওয়ে ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে। ভিড়ের সময়ে কেন্দ্রীয় এলাকায় ব্যক্তিগত যানবাহনের ওপর বিধিনিষেধ থাকবে। শহরের প্রান্তে নির্ধারিত পার্কিং ও শাটল সার্ভিস চালু রাখা হয়েছে।
কেন্দ্রীয় এলাকায় নিরাপত্তা: মোটরসাইকেল, সাইকেল এবং অননুমোদিত যানবাহন কেন্দ্রীয় পথচারী এলাকায় নিষিদ্ধ। প্রবেশপথ, করিডর এবং জরুরি নির্গমন পথ অবরুদ্ধ না করতে মুসল্লিদের অনুরোধ করা হয়েছে। নামাজ শেষে দ্রুত স্থান ত্যাগ করে অন্যদের জন্য চলাচল সহজ করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ব্যবস্থা: বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্ধারিত নামাজের স্থান, অগ্রাধিকার পথ এবং তাওয়াফে সহায়তার জন্য বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা থাকবে। পরিবারগুলোকে বিশেষ করে ভিড়ের সময় শিশুদের ঘন জনসমাগম এলাকায় না আনার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য, সুস্থতা ও অগ্নিনিরাপত্তা: মুসল্লিদের পর্যাপ্ত পানি পান, বিশ্রাম গ্রহণ, অতিরিক্ত গরম এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে চিকিৎসা সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবাসস্থলে জরুরি নির্গমন পথ সম্পর্কে অবগত থাকা, বৈদ্যুতিক সংযোগে অতিরিক্ত চাপ না দেওয়া এবং অগ্নিনিরাপত্তা সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা ও নিষিদ্ধ আচরণ: মুসল্লিদের ব্যক্তিগত সামগ্রী নিরাপদে রাখার, ডিজিটালভাবে বৈধ ওমরাহ পারমিট সংগ্রহের এবং নির্ধারিত সময়সূচি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অস্ত্র বহন, ধূমপান, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি, পথরোধ করা বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




