অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে : জেলা প্রশাসক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৫ PM

সিলেটে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে : জেলা প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৪:০৮:৪০ PM

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে : জেলা প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। অন্য সবার মতো তাদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। যথাযথ পরিচর্যা, সহানুভূতিশীল আচরণ এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব।

বুধবার (১৩ মে) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক আরও বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের অনেকেই বিশেষ প্রতিভা ও অসাধারণ সম্ভাবনার অধিকারী। তাদের সৃজনশীলতা ও সক্ষমতা বিকাশে প্রয়োজন উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, সহায়তা এবং সম্মানজনক পরিবেশ। তিনি অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, বিএনপি সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, জেলা পুলিশ সুপার কার্যালয়ের অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান সামছু, গ্রীণ ডিজেবল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান রনি এবং রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের শিক্ষক শাহনাজ আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল হক। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমাজসেবা অফিসার মো. খলিলুর রহমান এবং গীতা পাঠ করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিশেষ কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী।

‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আর্ট প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। দুপুরে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ট্রাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার