সংগৃহিত
রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোড স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস নামে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আনোয়ার খান মর্ডাননার্সিং কলেজ এর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ শুক্রবার (৩১ জুলাই) সকালের দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি ৫ তলা ভবনের নিচতলার হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পিংকির (১৯) বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। তিনি ওই এলাকার প্রফুল্ল বিশ্বাসের মেয়ে ছিল। পিংকি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কলাবাগানের ক্রিসেন্ট রোড স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেলে থাকতেন।
এ তথ্য নিশ্চিত করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার বলেন, ‘আজ সকালে সংবাদ পেয়ে আটটার দিকে কলাবাগান থানাধীন ক্রিসেন্ট রোডস্থ পাঁচতলা ভবনের নিচতলার রুমের দরজা ভেঙে হোস্টেল মালিকের সহযোগিতায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ স্ময় সিলিংফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসআই বলেন, ‘পিংকি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই রুমটিতে তিনজন ছাত্রী থাকতেন। দুইজন ছুটিতে গেছেন। তিনি একাই ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রেমঘটিত কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তার পরিবার কে সংবাদ দিয়েছি, তাদের সঙ্গে কথা বলার পর হয়ত জানা যেতে পারে।’
জৈন্তাবার্তা/সুলতানা




