ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন সবুজবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে উসমান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উসমান মিয়া শাহপরাণ থানাধীন সৈদানীবাগ এলাকার একটি কলোনিতে বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করতেন।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে সবুজবাগ এলাকার একটি নির্মাণাধীন দোতলা ভবনের নিচে প্লাস্টিক সামগ্রী কুড়াচ্ছিলেন উসমান মিয়া। এ সময় হঠাৎ ভবনের ওপর থেকে একটি ইট তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




