সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ PM

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ১০:১২:০৬ PM

সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত

ছবি:সংগৃহীত


জনসাধারণ ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিলেট বিভাগের চার জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে স্থানীয়ভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ এবং জাতীয় পর্যায়ে সমাধানযোগ্য দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হলে শ্রমিক নেতারা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, বিভাগীয় প্রশাসনের আহ্বানে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরিবহন খাতের অনেক দাবি রয়েছে। এর মধ্যে কিছু জাতীয় পর্যায়ে এবং কিছু স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, স্থানীয়ভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর জাতীয়ভাবে সমাধানযোগ্য দাবিগুলো সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ফলপ্রসূ আলোচনার পর শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ময়নুল ইসলাম কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। সিলেটবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি স্থগিত করায় পরিবহন শ্রমিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম বলেন, বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের আহ্বানে বৈঠকে বসেছি। আমাদের দাবিগুলোর বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন। বিশেষ করে ১৩ দফা দাবি মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি।

তিনি বলেন, মৌলভীবাজার ও সুনামগঞ্জ সড়কে আমাদের কর্মসূচি চলমান ছিল। বৈঠকের পর আমরা সেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। পাশাপাশি আগামী ১৯ আগস্ট থেকে সিলেট বিভাগে ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতিও স্থগিত করা হলো।

বৈঠকে পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধানযোগ্য বিষয় এবং জাতীয় পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন-এমন দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক নেতারা তাদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়গুলো উপস্থাপনের আহ্বান জানান।

বৈঠকে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও বিআরটিএর উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলামসহ সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ