সিলেট চেম্বার নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা, ভোট ৫ নভেম্বর
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ AM

সিলেট চেম্বার নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা, ভোট ৫ নভেম্বর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ১১:২৪:০১ PM

সিলেট চেম্বার নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা, ভোট ৫ নভেম্বর

ছবি:সংগৃহীত


দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই দিন ভোট গণনা করে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশোধিত তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন চেম্বারের বর্তমান প্রশাসক ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুসরণ করেই ২০২৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের মাধ্যমে দুই বছর মেয়াদি ২৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এতে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি ও ২৪ জন পরিচালক থাকবেন। পরিচালকদের মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ১২ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ৩ জন নির্বাচিত হবেন।

নির্বাচনী তফসিল

নির্বাচনী কার্যক্রম শুরু হবে ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডে আবেদন করা যাবে। আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ১৭ সেপ্টেম্বর। এরপর ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রার্থীরা ২০ থেকে ২৭ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। একই সময়ের মধ্যে ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে।

৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৬টায় বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিল হলে সংশ্লিষ্ট প্রার্থী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডে আপত্তি জানাতে পারবেন। এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ১০ অক্টোবর।

১২ অক্টোবর বিকেল ৪টায় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ অক্টোবর দুপুর ১২টা। ওই দিন সন্ধ্যা ৬টায় প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

৫ নভেম্বর ভোট

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সিলেট নগরের ধোপাদিঘীরপাড় এলাকার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে। ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। ভোট শেষে একই কেন্দ্রে ভোট গণনা ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকলে ৫ থেকে ৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডে তা দাখিল করা যাবে। এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ৯ নভেম্বর। এরপর ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড। তবে কোনো আপত্তি দাখিল না হলে ওই দিন অপরাহ্নেই চূড়ান্ত ফল ঘোষণা করা হতে পারে।

নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার লাবন্য ইসলাম ঋতু ও তানভীর হোসাইন সজিব।

নির্বাচন সংক্রান্ত পরবর্তী সব তথ্য, নির্দেশনা ও বিজ্ঞপ্তি চেম্বারের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংশ্লিষ্টদের বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর বিধি-২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ