ছবি:সংগৃহীত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট চালু এবং যৌক্তিক বিমানভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান।
তিনি বলেছেন, কানাইঘাট-জকিগঞ্জের মানুষ তাকে সংসদ সদস্য নির্বাচিত করলেও দেশের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন রয়েছে তার সঙ্গে। তাই তার দায়িত্ব শুধু নির্বাচনী এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়; পুরো দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চান তিনি।
শনিবার যুক্তরাজ্যের লুটনে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার অন্তর্গত লুটন শাখার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আবুল হাসান বলেন, জাতীয় সংসদের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন, নীতিগত সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি সিলেট অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করে যাবেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নামেই আন্তর্জাতিক বিমানবন্দর হলে হবে না; সেখানে পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট থাকতে হবে। সিলেট বিমানবন্দরকে প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করতে বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থার ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, বিমানবন্দরে প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের নামে হয়রানি বন্ধ করতে হবে এবং তাদের জন্য যৌক্তিক বিমানভাড়া নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সিলেটের সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক ও আলোচনা করেছেন বলেও জানান তিনি।
প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে মুফতি আবুল হাসান বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অপরিসীম। তাই প্রবাসীদের অধিকার ও আইনি মর্যাদা রক্ষায় তিনি কাজ করে যাবেন।
তিনি বলেন, বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা এবং দাফন-কাফনের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। প্রবাসী পরিবারগুলো যেন দ্রুত প্রাতিষ্ঠানিক ও স্থায়ী আইনি সহায়তা পায়, সে জন্য একটি কার্যকর রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলারও দাবি জানান তিনি।
জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সুরমা-কুশিয়ারা নদীর ভাঙনে দেশের ভূখণ্ড ও সীমান্তের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়টি তিনি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরেছেন। সংকট সমাধানে পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ চলমান রয়েছে।
লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ উবায়দুল্লাহর সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কারীম মামরোখানী, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির এবং লুটন ব্যারিপার্ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ ফিরদাউস।
সমাবেশে খেলাফত মজলিস লুটন শাখার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নুমান আহমদ কমিউনিটির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসানের কাছে বিভিন্ন জনমুখী প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন।
এর মধ্যে জাতীয় সংস্কার ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, কওমি মাদরাসার সনদের কার্যকর মূল্যায়ন, খতমে নবুওয়াতের আকীদার সুরক্ষা, ধর্মীয় অনুভূতির সুরক্ষা, যুবসমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবি উল্লেখযোগ্য।
সমাবেশে ফার্লি-হিল মসজিদের ইমাম ও খতিব হাফিজ তৈয়ব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম লুটন শাখার সেক্রেটারি ও জুহরী একাডেমির ইমাম-খতিব মাওলানা নাবিল আহমদ, মসজিদ বিলালের ইমাম মাওলানা হাফিজ ফারহাত, মাদীনা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিদ আহমদসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাসান এমপি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




