সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ PM

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৪:০০:২৪ PM

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি

ছবি:সংগৃহীত


জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা কোর্ট পয়েন্টস্থ কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। পরে কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিকেএম সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী। সমাবেশটি পরিচালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম জালালী বলেন, ‘কুরআন ও সুন্নাহবিরোধী’ দাবি করে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিল করতে হবে। নির্বাচনের আগে বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি করেন তিনি। কিন্তু ক্ষমতায় গিয়ে সংসদে কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে এ ধরনের আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার যে দুঃসাহস দেখিয়েছে, এর ‘করুণ পরিণতি’ সরকারকে ভোগ করতে হবে।

একই সঙ্গে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহারের দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, কুরআন ও সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। ইসলামের উত্তরাধিকার আইন বাস্তবায়নের পাশাপাশি নৈতিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিকেএম সিলেট মহানগরের সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, সহসাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, সমাজকল্যাণ সম্পাদক কারী মাওলানা আবুল হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সভাপতি আহমদ মাইমুন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক ফাহিম কামালী, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, মাওলানা শফিকুল আলম, শ্রমিক মজলিস নেতা মীর রাহাদ হোসেন, মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ