নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন ও কাউন্সিল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ PM

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির আহ্বান

নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন ও কাউন্সিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৪:৪০:৫১ PM

নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন ও কাউন্সিল

ছবি:সংগৃহীত


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন, উপমহাদেশের ইতিহাস-ঐতিহ্য গৌরবময়। বিভিন্ন সংকট ও সংগ্রামে এ অঞ্চলের মানুষের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়ত সব সময় মাঠে-ময়দানে ছিল।

তিনি বলেন, ‘গত ২৪-এর পর বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতায় দেখার জন্য আমরা বিএনপিকে সমর্থন জানিয়েছি। বিএনপি যতদিন জনগণের জন্য কাজ করবে, ততদিন আমরা সমর্থন জানিয়ে যাব। তবে দেশ, জাতি ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জমিয়ত এক ইঞ্চিও ছাড় দেবে না।’

তিনি স্থানীয় সরকার নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামকে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

মাওলানা আব্দুল মালিক চৌধুরী আরও বলেন, রাজনৈতিক ময়দানে পক্ষে-বিপক্ষে লড়াই থাকবে। তবে বিপক্ষ শক্তি কোনো উলামায়ে কেরাম নন—এ বিষয়টি মাথায় রেখেই সবাইকে কাজ করতে হবে। জমিয়তের ঐতিহ্য ধারণ করে নেতা-কর্মীদের মাঠে-ময়দানে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শায়খ ওয়াজেদ আলী ও মাওলানা শামসুল ইসলাম নূরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ মাশরুর আহমেদ বলেন, সাংগঠনিক বিষয়ে পক্ষে-বিপক্ষে কোনো সুযোগ নেই। অনলাইন বা অফলাইনে সংগঠন কিংবা কোনো ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা বা লেখালেখি করা যাবে না। আমরা সংগঠনকে আরও শক্তিশালী করে সামনে এগিয়ে যেতে চাই।

তিনি নবীগঞ্জের সব ওলামায়ে কেরামের সহযোগিতা কামনা করে বলেন, বর্তমান নেতৃত্বের মাধ্যমে নবীগঞ্জে জমিয়ত একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, তরুণ আলেম ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল। বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা ইমদাদুল্লাহ, হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ নেজামী চৌধুরী, হবিগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা ইকবাল আহমেদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইমাম উদ্দিন, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহারসহ আরও অনেকে।

এ ছাড়া মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আফরুজ আল হাবিব, মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা আফজল আহমেদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা তাহমিদ আহমদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মহিবুর রহমান মানিক ও মাওলানা মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

কাউন্সিল শেষে মাওলানা শায়খ রুহুল আমিনকে সভাপতি, মাওলানা শায়খ ওয়াজেদ আলীকে সাধারণ সম্পাদক, মাওলানা শামসুল ইসলাম নূরীকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাওলানা মহিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নবীগঞ্জ উপজেলা জমিয়তের নতুন কমিটি গঠন করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ