ছবি:সংগৃহীত
দাপ্তরিক কাজে ঢাকায় ব্যস্ত সময় কাটিয়ে নির্বাচনি এলাকার মানুষের কাছে ছুটে যাচ্ছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। নির্বাচনি এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনা সরেজমিনে দেখতে এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নিয়মিতভাবে দুই উপজেলার বিভিন্ন এলাকায় সময় দিচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) দিনভর বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এমপি এমরান আহমদ চৌধুরী।
শনিবারের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মাথিউরা ইউনিয়নে ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে দাসউরা বাজার সংলগ্ন আড়াই কিলোমিটার সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার ও মেরামত এবং নতুন অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা যাচাই করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এমপি। একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোও পরিদর্শন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন।
পরে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিনের দেশে আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দাসউরা বাজার সংলগ্ন স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমরান আহমদ চৌধুরী এমপি।
এ ছাড়া তিনি বিয়ানীবাজারের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসব কর্মসূচি ও অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ বাতেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




