সংগৃহীত
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কর্ণার পরিদর্শন করে চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনার খোঁজ নেন।
পরিদর্শনকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. ইমরুল হাসানসহ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, এনসিডি কর্ণার, আইএমসিআই ও পুষ্টি কর্ণার, ডটস কর্ণার, এএনসি ও পিএনসি কর্ণার, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম, জিন এক্সপার্ট রুম, স্টোর, ইপিআই স্টোর ও রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
তিনি সেবাগ্রহীতা ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। রোগীদের উপচে পড়া ভিড়ের মধ্যেও হাসপাতালের সেবা কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত মাতৃপুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। সেখানে তিনি চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম ও সামগ্রিক রোগী ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। কর্মশালায় মেডিকেল অফিসার (এএনসি), সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, পরিসংখ্যানবিদ, স্টোর কিপারসহ মোট ২৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব টেকনিশিয়ানরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এডিস মশার লার্ভা অনুসন্ধান করেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানির উৎস শনাক্ত করে তা ধ্বংস করার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার জন্য সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




