‘কুরুচিপূর্ণ বক্তব্যের’ অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা চাইলেন রুমিন ফারহানা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ PM

ডিএজি নজরুলের ‘আপত্তিকর’ পোস্ট,

‘কুরুচিপূর্ণ বক্তব্যের’ অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা চাইলেন রুমিন ফারহানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৫:০৫:৪৩ PM

‘কুরুচিপূর্ণ বক্তব্যের’ অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা চাইলেন রুমিন ফারহানা

ছবি:সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে ‘আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দেওয়া এক আবেদনে তিনি এ দাবি জানান।

আবেদনে রুমিন ফারহানা অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ডিএজি নজরুল ইসলাম ছোটন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ১১ সেপ্টেম্বর তাঁকে লক্ষ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ একটি স্ট্যাটাস দিয়েছেন।

এ ধরনের ব্যক্তিগত, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তাঁর জন্য অপমানজনক বলে আবেদনে উল্লেখ করেন রুমিন ফারহানা। তাঁর দাবি, এ ধরনের বক্তব্য আদালত ও দেশের আইনজীবী পেশার মর্যাদাকেও ক্ষুণ্ন করে।

রুমিন ফারহানা বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেন তিনি।

এদিকে অভিযোগের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, এটি নজরুল ইসলাম ছোটনের স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকারের বিষয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দেওয়া অভিযোগটি তাঁর পেশাগত বা প্রশাসনিক কোনো পদক্ষেপের আওতায় পড়ে না বলেও মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, নজরুল ইসলাম ছোটনের দেওয়া ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট হয়েছেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বা সরকারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে তিনি মনে করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ