ছবি নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের ওই বাড়িতে এ চুরি সংঘটিত হয়।
জানা গেছে, চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদ পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তার ছোট ভাই মিশু পোল্যান্ডের নাগরিক। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে চুরি করে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে চুরি যাওয়া মালামাল ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জৈন্তাবার্তা/আরআর




