নজরুল বর্ষ সংগীত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গোয়াইনঘাটের অঙ্কিতা দাস
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

নজরুল বর্ষ সংগীত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গোয়াইনঘাটের অঙ্কিতা দাস

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৭:২৪:২৯ অপরাহ্ন

নজরুল বর্ষ সংগীত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গোয়াইনঘাটের অঙ্কিতা দাস

সংগৃহীত


সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার কৃতী শিক্ষার্থী অঙ্কিতা 'নজরুল বর্ষ' উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। নজরুল সঙ্গীতে অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে সে সিলেটের সব উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলে এই গৌরবময় সাফল্য লাভ করে।

গতকাল ৮ অক্টোবর সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার জেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে প্রথম স্থান অধিকারী বাছাইকৃত প্রতিভাবান প্রতিযোগীরা অংশগ্রহণ করে। বিচারকদের মুগ্ধ করে অঙ্কিতা প্রথম স্থান অধিকার করে এবং জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।

অঙ্কিতা দাস গোয়াইনঘাটের বিয়াম ল্যাবরেটরী স্কুলের ২য় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সে শুদ্ধ সঙ্গীত, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার সাথে নিবিড়ভাবে জড়িত। উপজেলা পর্যায়ে প্রথম হওয়ার পর থেকেই সে জেলা পর্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করছিল। তার এই সাফল্যে শিক্ষক, সহপাঠী, পরিবার ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

অঙ্কিতার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, "অঙ্কিতার এই অর্জন পুরো গোয়াইনঘাটবাসীর জন্য অত্যন্ত সম্মানের। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় আমাদের উপজেলার একজন শিক্ষার্থী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে, যা তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় আরও উদ্বুদ্ধ করবে।"

নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত অঙ্কিতা জানায়, "জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে বাবা-মা ও শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমার পরবর্তী লক্ষ্য বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ভালো কিছু করে গোয়াইনঘাটের মুখ উজ্জ্বল করা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ