ছবি : সংগৃহিত
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে যুক্তরাজ্যের সামরিক বাহিনী মোতায়েনের অর্থ হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ইউক্রেন সফরের বিষয়ে মন্তব্য করে শুক্রবার এ মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শুক্রবার কিয়েভ সফরকালে আগামী অর্থবছরে ইউক্রেনের জন্য ৩১০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন। ইউক্রেনকে নতুন সামরিক ড্রোন ক্রয় করতে সহায়তা করার জন্য তিনি এই সহায়তার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোরও প্রতিশ্রুতি দেন।
ঋষি সুনাকের এই সফর ও তার সহায়তার ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাপে একটি পোস্ট করেন দিমিত্রি মেদভেদেভ। তাতে তিনি লেখেন, বেলগ্রাদে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করে আমাদের বেসামরিক নাগরিকদের সঙ্গে যেমনটি ঘটেছে কিয়েভে সুনাকের প্রতিনিধি দলের তেমন আচরণ করা হলে পশ্চিমা জনগণ কেমন অনুভব করবে। আমি আশা করছি, আমাদের চিরশত্রু অহংকারী ব্রিটিশরা বুঝতে পেরেছে ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক দল মোতায়েন করা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার সমান হবে।
মেদভেদেভ ২০০৮-১২ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে নিজেকে একজন উদার আধুনিকতাবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে তুলে ধরেছিলেন। কিন্তু এখন নিজেকে কট্টর পশ্চিমাবিরোধী রুশ নেতা হিসেবেই নিজেকে উপস্থাপন করে থাকেন। সূত্র: রয়টার্স।
জৈন্তাবার্তা/জেএ




