গাজায় একদিনে ইসরাইলের ২১ সেনা নিহত - ছবি : সংগৃহীত
একদিনে গাজার কেন্দ্রীয় এলাকায় নিহত হয়েছে ইসরাইলের ২১ সেনা সদস্য। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরাইলের এত বেশি সেনা একসঙ্গে মারা যাওয়ার খবর শোনা যায়নি। সেই হিসেবে এটাই ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষতি।
ইসরাইলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) মুখপাত্র রিয়ার এডমিরাল ডানিয়েল হাগারি বলেছেন, সোমবার গাজায় একটি ঘটনায় ২১ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে কিসুফিম সম্প্রদায়ের সীমান্ত এলাকার কাছাকাছি। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত গত বছরের ২৮ অক্টোবর গাজায় শুরু হওয়া স্থল অভিযানে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ২১৯ জনে দাঁড়াল।
আইডিএফ জানায়, সোমবার দক্ষিণ গাজায় অভিযানের সময় দুটি ভবনে বিস্ফোরণ ও একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড হামলায় এই ২১ সেনা নিহত হয়। সেনা নিহত হওয়ার ঘোষণা দিয়ে সামাজিকমাধ্যমে এক্সে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ লিখেছেন, একটি অসহনীয় কঠিন সকাল, যারা নিহত হয়েছেন তারা আমাদের সেরা ছেলে ছিল, তাদের বেশির ভাগ বীর ছিলেন।
তিনি লেখেন, তীব্র প্রতিরোধ যুদ্ধটি অত্যন্ত চ্যালেঞ্জিং জায়গায় সংঘটিত হচ্ছে, আমরা আইডিএফ এবং নিরাপত্তা বাহিনীর সেনাদের শক্তি পাঠাচ্ছি, যারা লড়াইয়ে জয়ের জন্য দৃঢ়তার সঙ্গে নিজেকে বির্সজন দিতে পারে। পুরো জাতির পক্ষ থেকে, আমি নিহতের পরিবারগুলোকে সান্ত্বনা জানাই এবং আহতদের আরোগ্যের জন্য প্রার্থনা করি।
প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, এটি একটি কঠিন এবং বেদনাদায়ক সকাল, যখন সেনাবাহিনী ঘোষণা করেছে যে সোমবার দক্ষিণ গাজা উপত্যকায় একটি ঘটনায় ২১ সেনা নিহত হয়েছেন। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা শুরু করে ইসরাইল। এর পর ২৮ অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল অভিযান চালায় ইসরাইলি বাহিনী। সূত্র: বিবিসি।
জৈন্তাবার্তা/জেএ




