সিলেটে ব্যাটারিচালিত রিকশা আন্দো*লনে শাবিপ্রবি ও সিলেট ছাত্র ইউনিয়নের তিন নেতা আট*ক
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫০ PM

সিলেটে ব্যাটারিচালিত রিকশা আন্দো*লনে শাবিপ্রবি ও সিলেট ছাত্র ইউনিয়নের তিন নেতা আট*ক

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ১০:৫১:৪৬ PM

সিলেটে ব্যাটারিচালিত রিকশা আন্দো*লনে শাবিপ্রবি ও সিলেট ছাত্র ইউনিয়নের তিন নেতা আট*ক

ছবি:সংগৃহীত


সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল এবং শান্ত তালুকদার।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলন দমনে প্রশাসনের অভিযানের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তাদের আটক করা হয়েছে।

সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”

এর আগে শনিবার (১ নভেম্বর) নগরীর আম্বরখানাস্থ বড়বাজার এলাকায় বাসদ কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। আন্দোলনের সময় সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পুলিশ জানিয়েছে, ওই আন্দোলনে বাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারাও সম্পৃক্ত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ