ছবি:সংগৃহীত
গোয়াইনঘাটে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার বেলা ২টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মাওলানা মুফজুর রহমান। ব্যবসায়ী কবির আহমেদের পরিচালনায় বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল হান্নান, নাছির উদ্দীন, হাফিজ সুলেমান প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী উপজেলার বিভিন্ন বাজারে ৬৮ জন খুচরা সার ডিলার সরকারের নিয়ম অনুসারে সার সরবরাহ করে আসছেন। কিন্তু ২০২৫ সালে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন নীতিমালা প্রণয়ন করে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করে শুধুমাত্র বিসিআইসি ডিলারদের বহাল রেখেছে।
তারা আরও বলেন, খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিল করা হলে গোয়াইনঘাটসহ সারা দেশের লাখো ডিলার বেকার হয়ে পড়বেন। এতে তাদের পরিবার-পরিজনের জীবন-জীবিকা সংকটে পড়বে। পাশাপাশি প্রান্তিক কৃষকরা সার সংগ্রহে ভোগান্তির শিকার হবেন এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থ বিবেচনা করে নতুন নীতিমালা বাতিল করে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান বক্তারা।
পরে বিকেল ৩টার দিকে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




