জুড়ীতে উন্মুক্ত মঞ্চে মনিপুরী নাটক ‘তরপন’ মঞ্চস্থ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ PM

জুড়ীতে উন্মুক্ত মঞ্চে মনিপুরী নাটক ‘তরপন’ মঞ্চস্থ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ০৬:৩১:৫৫ PM

জুড়ীতে উন্মুক্ত মঞ্চে মনিপুরী নাটক ‘তরপন’ মঞ্চস্থ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা-র ছোটধামাই মনিপুরী এলাকার খোলা মাঠের উন্মুক্ত মঞ্চে মঞ্চস্থ হয়েছে মনিপুরী নাটক ‘তরপন’। মৈতৈ আর্টস এন্ড থিয়েটার-এর আয়োজনে এবং কবি-শিক্ষক-নাট্যকার রনজিত কুমার সিংহ-এর রচনা ও নির্দেশনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মনিপুরী নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। নৃত্য পরিবেশনার পর মঞ্চস্থ হয় নাটক ‘তরপন’। নাটকটিতে নারীর অধিকার প্রতিষ্ঠা, সমাজে প্রচলিত কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি চিহ্নিত করে তার বিরুদ্ধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। অভিনয়শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনায় সমাজ থেকে এসব কুসংস্কার দূর করার আহ্বান প্রতিফলিত হয়।

নাটকটিতে প্রায় ১৫ থেকে ২০ জন নারী-পুরুষ শিল্পী অংশগ্রহণ করেন। ‘তরপন’ কেবল একটি নাট্য পরিবেশনা নয়; বরং বাংলাদেশে বসবাসরত মনিপুরী সম্প্রদায়ের স্মৃতি, পরিচয় ও সামষ্টিক আরোগ্যের এক গভীর সাংস্কৃতিক প্রকাশ হয়ে ওঠে।

মনিপুরী পরিবার, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে উন্মুক্ত মাঠটি এক মিলনমেলায় পরিণত হয়। এ আয়োজন আবারও প্রমাণ করে, রনজিত কুমার সিংহ সমকালীন মনিপুরী নাট্যধারার অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ