সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বৈ*ষম্য দূর না হলে দেশের উন্নয়ন ব্যাহ*ত হবে: বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ PM

সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বৈ*ষম্য দূর না হলে দেশের উন্নয়ন ব্যাহ*ত হবে: বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ১১:১৪:২৬ PM

সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বৈ*ষম্য দূর না হলে দেশের  উন্নয়ন ব্যাহ*ত হবে: বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নগরীর সারদা হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায় বলেন, ১৯৭২ সালের সংবিধানের মূল চেতনাকে বারবার ক্ষুণ্ন করে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছে। ফলে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন এখনো পূরণ হয়নি। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর বৈষম্য চলতে থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এ পরিস্থিতি পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মঠ, মন্দির, গির্জা ও প্যাগোডায় হামলার ঘটনার যথাযথ বিচার হয়নি। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিলেও সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন হয়নি বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ বলেন, ঐক্য পরিষদের আন্দোলনের ফলে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন প্রণীত হলেও অনেক ভুক্তভোগী এখনো আমলাতান্ত্রিক জটিলতায় সম্পত্তি ফিরে পাননি।

সভায় বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান। পাশাপাশি রাষ্ট্রের সব নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করা, চাকরিতে যোগ্যতার ভিত্তিতে সুযোগ এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সংখ্যালঘু, আদিবাসী ও চা-শ্রমিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে চা-শ্রমিকরা শতাব্দীর পর শতাব্দী ধরে দেশে বসবাস করলেও ভূমির অধিকারসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এবং নেতা দীপক কুমার দাস সভা পরিচালনা করেন।

এতে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী, জেলা সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, নিরঞ্জন দে যাদু, ডিকন নিজুম সাংমা, ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী, ঊষা রানী দাস, বম্পাস পাংলা, ডা. বনদীপ লাল দাস, পলাশ বড়ুয়া, অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল, স্থপতি যিশ্ঞু কুমার দাসসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ