শহীদ মেমোরিয়াল গার্ডেনে কিডনি ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে বৃক্ষরোপণ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৯ PM

শহীদ মেমোরিয়াল গার্ডেনে কিডনি ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে বৃক্ষরোপণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ১১:৩৩:০৮ PM

শহীদ মেমোরিয়াল গার্ডেনে কিডনি ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে বৃক্ষরোপণ

ছবি:সংগৃহীত


সিলেটে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিডনি ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিলেট ক্যাডেট কলেজের পূর্ব পাশে কোম্পানীগঞ্জ সড়ক থেকে শহীদ মেমোরিয়াল গার্ডেন পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির কয়েকশত গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে পরিবেশবাদী সংগঠন ‘অমরাবতী’, নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) মুহাম্মদ আব্দুস সালাম (বীরপ্রতীক)। তিনি বলেন, প্রকৃতি আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের মনেও প্রশান্তি এনে দেয়। একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। বসতবাড়ির আশপাশসহ যেকোনো ফাঁকা জায়গায় বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, মিসেস নুরুন্নাহার সালাম, ‘অমরাবতী’র মুখ্য সমন্বয়ক খোরশেদা তাহমিন শিমু, পরিবেশবিদ আব্দুল করিম কীম, গবেষক অপূর্ব শর্মা, মিসেস ফরিদা নাসরিন, সংস্কৃতি ব্যক্তিত্ব বিভাস শ্যাম যাদন, আসাদুজ্জামান সায়েম, ‘নৃত্যশৈলী’র পরিচালক নীলাঞ্জনা জুঁইসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবুজায়নের এ উদ্যোগকে আরও প্রাণবন্ত করে তোলে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ