নবীগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৮ PM

জমি কিনে বিপাকে সৌদি প্রবাসী

নবীগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৮:০০:১৪ PM

নবীগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সংগৃহিত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমি ক্রয়ের পর বাড়ি নির্মাণ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সৌদি আরব প্রবাসী আব্দুল হান্নান। চাঁদা না দেওয়ায় তার বাড়ির নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে দাবি করে তিনি আউশকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকিদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নবীগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-০৫। এরই মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) দুলাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রুদ্রপুর মৌজায় প্রায় ১১০ শতক ভূমি যুক্তরাষ্ট্র প্রবাসী রাবেয়া খানম চৌধুরীর মালিকানাধীন। ওই জমি বিক্রির জন্য মালিকপক্ষের প্রতিনিধি সৈয়দ আওরঙ্গজেবের সঙ্গে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আব্দুল হান্নানের বায়না চুক্তি সম্পন্ন হয়। ১২ লাখ ৫০ হাজার টাকায় চুক্তি অনুযায়ী তিনি ৫ লাখ ৫০ হাজার টাকা বায়না প্রদান করেন এবং এরপর থেকে জমির দখলে রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সম্প্রতি জমিতে বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা না দিলে কোনো ধরনের নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ২ এপ্রিল সকাল ১০টার দিকে তিনি নির্মাণকাজ শুরু করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা জোরপূর্বক চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সৌদি প্রবাসী আব্দুল হান্নান বলেন, বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থে দেশে জমি কিনেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়েও সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। তার দাবি, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে প্রবাসীরা দেশে বিনিয়োগ ও সম্পত্তি ক্রয়ে নিরুৎসাহিত হবেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আউশকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকিদ। তিনি বলেন, তার মেজো ভাইয়ের সঙ্গে আব্দুল হান্নানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিষয়ে আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করা হয়েছিল এবং আদালতের নির্দেশে পুলিশ তা বাস্তবায়ন করেছে। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, জীবনের নিরাপত্তা চেয়ে গত ২০ এপ্রিল এবং বাড়ি নির্মাণে চাঁদা দাবির অভিযোগে ১৬ এপ্রিল আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন প্রবাসী আব্দুল হান্নান।

জৈন্তা বার্তা / ওয়াদুদ