রাষ্ট্রপতির সিলেট সফর: নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে জোর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ PM

রাষ্ট্রপতির সিলেট সফর: নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে জোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১০:০২:৩০ PM

রাষ্ট্রপতির সিলেট সফর: নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে জোর

ছবি:সংগৃহীত


আগামী ১৫ সেপ্টেম্বর একদিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর এটি তাঁর প্রথম সিলেট সফর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে। সংবর্ধনা শেষে সন্ধ্যায় তাঁর ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ৭ সেপ্টেম্বর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সফরের কর্মসূচি, নিরাপত্তা, নগরীর সৌন্দর্যবর্ধন, সড়ক ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

প্রস্তুতিমূলক সভায় সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকা এবং অফিসের চারপাশ ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া নগরীর সড়কগুলো চলাচল উপযোগী রাখা, রাস্তার পাশের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নগরীর রাস্তার পাশের সিএনজি স্টেশনগুলো লালদিঘীর পাড়ে স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। সফরকালীন বহরে জরুরি চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে ইতোমধ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ঘিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: