দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মহিলা পরিষদের মানববন্ধ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ AM

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মহিলা পরিষদের মানববন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৯:২৭:৪৭ PM

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মহিলা পরিষদের মানববন্ধ

ছবি:সংগৃহীত


‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মানবাধিকার নিশ্চিত ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলা শাখা।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সব নাগরিকের মানবাধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতা ও সামাজিক অস্থিরতার সবচেয়ে বেশি প্রভাব পড়ে নারী ও শিশুদের ওপর। তাই দুর্গাপূজাসহ যেকোনো উৎসবকে কেন্দ্র করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মানুষকে ঐক্যবদ্ধ করে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন আরও শক্তিশালী করতে হবে। ধর্ম, বর্ণ ও পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মানববন্ধনে সাম্প্রদায়িক উসকানি ও বিদ্বেষমূলক প্রচারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার সংগঠন আশার আলো’র সভাপতি মো. মাহফুজ আলম, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি রেভারেন্ড ফিলিপ সমাদ্দার, চা-শ্রমিক নারী অধিকার সংগঠনের প্রতিনিধি টিকলমনি, নাগরিক সমাজের প্রতিনিধি ও শাবিপ্রবির শিক্ষার্থী মো. তফাজ্জুল হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখার সহসভাপতি রেনুকা দাস, সহসাধারণ সম্পাদক অপর্ণা গুন সেবা, লিগ্যাল এইড সম্পাদক রমলা তালুকদার ও আন্দোলন সম্পাদক ঊষা রানী মল্লিক প্রমুখ।

এ ছাড়া আন্তঃপ্রজন্ম অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালীকরণ কোয়ালিশন টিমের সদস্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নারী অধিকার, মানবাধিকার ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ