ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর চলাচল সহজ ও নাগরিকসেবা আরও উন্নত করতে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এসব উন্নয়নকাজে এলাকাবাসীর সহযোগিতা গুরুত্বপূর্ণ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিসিকের ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া ও সবুজবাগ এলাকা পরিদর্শন এবং সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সরু হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। পাশাপাশি অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।
তিনি বলেন, ‘শুধু একটি সড়ক সম্প্রসারণ নয়, এর সঙ্গে এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা উন্নয়নের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। উন্নয়নকাজ বাস্তবায়নে এলাকাবাসী সহযোগিতা করলে পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।’
এ সময় তিনি সাদারপাড়া ৪ নম্বর সড়কের সম্প্রসারণ ও ড্রেন উন্নয়নকাজ পরিদর্শন করেন। সড়ক সম্প্রসারণের জন্য স্বেচ্ছায় জমি দিয়ে সহযোগিতা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘নগর উন্নয়নের স্বার্থে নিজেদের জায়গা স্বেচ্ছায় দিয়ে যারা সহযোগিতা করেছেন, তারা প্রশংসার দাবিদার। তাদের এই সহযোগিতা এলাকার মানুষের চলাচল সহজ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকল্পিত পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।’
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন।
এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, প্রকৌশলী সুমন চন্দ্র দে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সিসিক প্রশাসক নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়া এলাকা পরিদর্শন করেন। সেখানে বায়তুন নূর কলাপাড়া মসজিদ কমিটি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকসুবিধা নিয়ে স্থানীয়দের কথা শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, মুরব্বি সাইদুর রহমান, জালাল উদ্দিন শামীম, আবুল কালাম আজাদ, নাসিরুদ্দিন রব, কালা মিয়া, মুক্তার রাফি, ফারুখ মিয়া, আমিন মিয়া সোহান, সাইদুল রহমান জীবেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




