সংগৃহীত
নির্ধারিত তারিখের ১০ দিন আগে অনলাইনে বিক্রি উন্মুক্ত করার কয়েক মিনিটের মধ্যেই বুকিং হয়ে যাচ্ছে সিলেট রুটের ট্রেনের সব টিকিট।সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থার চরম বেহাল দশায় চাহিদা বেড়েছে রেল পথের। তবে কয়েক মুহূর্তেই সব টিকিট নাই হয়ে যাওয়া অস্বাভাবিক বলছেন রেলযাত্রীরা।
সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের টিকিটের একই দশা।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ জানাচ্ছেন অনেকে। কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের সব টিকিট হাওয়া হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করে শেষমেশ আদালতে মামলা হয়েছে।স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেছেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান।
মামলার সূত্রে জানা যায়, অনলাইনে টিকিট বিক্রির জন্য নির্দিষ্ট সময় টিকিট উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যেতে দেখা যায়। সাধারণ যাত্রীরা কাউন্টার বা অনলাইনে টিকিট না পেলেও পরে বেশি টাকায় বিক্রি করা হয় এসব টিকিট।
বিপুলসংখ্যক টিকিট এত অল্প সময়ে বিক্রি হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহ তৈরি হয় আদালতের।মামলার নথিতে বলা হয়েছে, একটি চক্র ট্রেনের টিকিট বাজারজাতকরণের সঙ্গে জড়িত। তাদের সহযোগিতায় মুহূর্তের মধ্যে ট্রেনের টিকিট সরিয়ে নিয়ে পরে তা বেশি টাকায় সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে।
এ ধরনের কর্মকাণ্ড সাধারণ যাত্রীদের হয়রানির পাশাপাশি সিলেটের পর্যটনশিল্পের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কালোবাজারি ও মজুদদারির মতো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে এমন সন্দেহের ভিত্তিতে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান মামলা নং-০১/২০২৬ দায়ের করেন। পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
জৈন্তাবার্তা/ সুলতানা




