ছবি নিজস্ব
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ডাকঘরের সামনের ড্রেন বন্ধ করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ডাকঘর প্রাঙ্গণ এবং আশেপাশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনের সড়কে ড্রেনের নোংরা পানি জমে দুর্গন্ধে তীব্র নাভিশ্বাস উঠেছে সেবাগ্রহীতা ও পথচারীদের।
উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার মদন মোহন দাশ জানান, ড্রেনটি বন্ধ করার কারণে ডাকঘরের উঠান চারপাশের আঙিনা এবং সংযোগ সড়কে নোংরা পানি প্রতিনিয়ত জমে থাকে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি সরকারি ডাকসেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি জানান, বিষয়টি প্রতিকারের জন্য লিখিতভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও তারাও কোনো সুরাহা করতে পারেননি।
ডাকঘরের আশেপাশের একাধিক ব্যবসায়ী জানান, ড্রেনটি দিয়ে পুরো এলাকার পানি নিষ্কাশন হতো। ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় ডাকঘরের পাশাপাশি পার্শ্ববর্তী অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানও পানিবন্দি অবস্থায় রয়েছে। ব্যবসায়ী সমিতির কাছে বার বার ধর্না দিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এমন পরিস্থিতিতে পোস্ট মাস্টার মদন মোহন দাশ দ্রুত অবরুদ্ধ ড্রেনটি খুলে দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা ডাকঘর ও আশপাশের এলাকাকে নোংরা পানির জলাবদ্ধতা থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
জৈন্তাবার্তা/আরআর




