হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে আটক করা হয়।
জানা যায়, গত ২৪ এপ্রিল শিশুটি খেলার জন্য বাইরে গেলে মানিক মিয়া তাকে ধর্ষণ করেন। শিশুটিকে তিনি ভয় দেখান কাউকে কিছু না বলার জন্য। কিন্তু পরে সে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে গেলে পাড়া প্রতিবেশী বিষয়টি জেনে ফেলেন।
এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তখন মানিক মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল মানিক মিয়াকে আটক করে।
মানিক মিয়া আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিম নগর লম্বাহাটির নতুন বাড়ির মৃত বুদ্দাই মিয়ার পুত্র। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গত ২৪ এপ্রিল ধর্ষণের ঘটনাটি ঘটেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মানিক মিয়াকে আটক করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




