গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ PM

অবৈধ ব্যাটারিচালিত ভ্যান বন্ধের দাবি, কাল থেকে বিভাগজুড়ে কর্মবিরতির হুঁশিয়ারি

গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৩:৪৮:৩৬ PM

গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি:সংগৃহীত


অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির শ্রমিকরা। দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

রোববার (৪ অক্টোবর) সকাল থেকে গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের এ কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির কারণে ট্রাক চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন ব্যবস্থায় এর প্রভাব পড়তে শুরু করেছে।

গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির সহ-সভাপতি আইন উদ্দিন বলেন, গোলাপগঞ্জের বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। এসব যানবাহনের কারণে একদিকে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বৈধভাবে চলাচলকারী ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি এসব যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

উপ-কমিটির সভাপতি কামাল আহমদ নূর বলেন, ব্যাটারিচালিত ভ্যানগাড়ির অবাধ চলাচল বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। বারবার দাবি জানানোর পরও সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বৈধ যানবাহনের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যই আমরা এ কর্মসূচি পালন করছি।’

কামাল আহমদ নূর আরও বলেন, প্রশাসন দ্রুত অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে সোমবার (৫ অক্টোবর) থেকে পুরো সিলেট বিভাগে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘এটি স্বাধীন দেশ। এখানে যে কেউ কর্মবিরতি পালন করতে পারেন। তবে এ বিষয়ে আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, তারা কর্মবিরতিতে আছেন। কর্মবিরতিকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রমিকদের দেওয়া স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তারা চাইলে বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন।’

এদিকে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিকে কেন্দ্র করে গোলাপগঞ্জে পণ্য পরিবহনসহ সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্মবিরতির কারণে সাধারণ মানুষ ও পণ্য পরিবহন ব্যবস্থায় যাতে দীর্ঘমেয়াদি ভোগান্তি তৈরি না হয়, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

শ্রমিকরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: