হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশায় তুলতে অসম্মতি জানানোর জেরে মরতুজ আলী (৫৫) নামে এক চালককে পিটিয়ে হত্যা করেছেন কয়েকজন চা শ্রমিক।
বুধবার (৪ জুন) রাত ১০টায় চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানের বাস স্টপেজে এ ঘটনা ঘটে। নিহত মরতুজ আলী একই উপজেলার নয়ানী গ্রামের বাসিন্দা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, সন্ধ্যায় কয়েকজন চা শ্রমিক উপজেলা সদর থেকে চানপুর চা-বাগানে যাওয়ার জন্য মরতুজ আলীর সিএনজিচালিত অটোরিকশায় উঠতে চান। এ সময় মরতুজ আলী জানান- তিনি শ্রমিকদের নিতে পারবেন না, কারণ অন্য দুজন যাত্রীর জন্য তিনি অপেক্ষা করছেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চা শ্রমিকরা অন্য আরেকটি গাড়িতে করে চলে যান।
তিনি বলেন, পরে রাত ১০টায় মরতুজ আলী তার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চানপুর চা-বাগানে গেলে কয়েকজন চা শ্রমিক তার ওপর অতর্কিত হামলা চালান এবং বেধড়ক মারধর করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, হামলাকারী চা শ্রমিকদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে। মরদেহ রাতেই উদ্ধার করে থানায় নেওয়া হয়।
জৈন্তা বার্তা/আরআর




