ছবি:সংগৃহীত
‘হাতে হাত রেখেছি-এই বন্ধন চিরদিন অটুট থাকবে।’ চা বাগানের কর্মজীবী মানুষের প্রতি নিজের আবেগ, দায়িত্ব ও অঙ্গীকারকে এভাবেই ব্যক্ত করেছেন সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। তিনি বলেন, চা বাগানের মানুষ দীর্ঘদিন অবহেলিত, সুবিধাবঞ্চিত ছিল। কিন্তু শিল্পকারখানায় কর্মসংস্থানের সুযোগ পাওয়ার মাধ্যমে তারা এখন ধীরে ধীরে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন। ‘আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব’-এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
গত তিন দিন ধরে নোয়াপাড়া নির্বাচনী কার্য্যালয়ে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল-কে ঘিরে একাধিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া,বৈকুন্ঠপুর, জগদীশপুর,সুরমা,তেলিয়াপাড়া এবং চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের আওতাধীন বিভিন্ন চা বাগানের শীর্ষস্থানীয় শ্রমিক নেতা-কর্মীরা অংশ নেন। চানপুর, জোয়ালভাঙা, বেগম খান, চন্ডিছড়া, রামগঙ্গা এবং চাকলা পুঞ্জি চা বাগানের প্রতিনিধিরা সভায় তাদের মতামত তুলে ধরেন।
শ্রমিক নেতারা জানান, সায়হাম পরিবার ও সৈয়দ মোঃ ফয়সল বহু বছর ধরে চা বাগানের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। চা শ্রমিকদের নানা দাবি-দাওয়া, মৌলিক অধিকার এবং জীবনমান উন্নয়নে তাদের ভূমিকায় শ্রমিক সমাজ কৃতজ্ঞ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সুরমা চা বাগানের শ্রমিক নেতা দীপক রাজ বলেন,‘সুরমা চা বাগানে মোট তিনটি ওয়ার্ড রয়েছে। আমরা সবাই শ্রমিক–শ্রমিক নেতা মিলে এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। এবারের নির্বাচন আমাদের জন্য একটি ইতিহাস রচনার সুযোগ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা সৈয়দ ফয়সলকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই-এটাই আমাদের সমষ্টিগত অঙ্গীকার।’
তিনি আরও বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার, জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং তাদের সন্তানদের শিক্ষার জন্য সংগ্রাম করে আসছেন। যারা তাদের পাশে দাঁড়িয়েছে, উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করেছে-শ্রমিক সমাজ তাদেরই প্রতি আস্থা দেখিয়ে আসছে।
চা শ্রমিক নেত্রী খাইরুনও সভায় বক্তব্য দেন। তিনি বলেন, বাগানের মানুষের সংকট থেকে মুক্তি পেতে একটি সৎ, শ্রমিকবান্ধব নেতৃত্বের প্রয়োজন, এবং সেই নেতৃত্বের প্রতি তারা ইতিমধ্যেই আস্থা গড়ে তুলেছেন।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে সৈয়দ শাফকাত আহমেদ বলেন,‘চা বাগানের মানুষের দুঃখ-কষ্ট আমরা ছোটবেলা থেকেই খুব কাছে থেকে দেখেছি। তাদের সংগ্রাম, সীমাবদ্ধতা এবং স্বপ্ন আমাদের কাছে পরিচিত। তাদের জীবনমান যাতে আরও উন্নত হয়, এজন্য আমরা শিল্প-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছি। চা বাগানের মানুষ আমাদের জন্য শুধু ভোটার নন, তাঁরা আমাদের পরিবারের অংশ।’
তিনি আরও বলেন, মাধবপুর-চুনারুঘাট অঞ্চলের সামগ্রিক উন্নয়নে প্রয়োজন পরিবর্তনের নেতৃত্ব-যে নেতৃত্ব জনগণের সমস্যা বোঝে এবং সমাধানে বাস্তব ভূমিকা রাখতে পারে। এ কারণে তিনি উপস্থিত সকলকে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল-কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
শাফকাত আহমেদ বলেন, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে শান্তিতে থাকতে চাই। উন্নয়ন ও পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে হলে যোগ্য নেতৃত্বকে সামনে আনা জরুরি। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মাধবপুর–চুনারুঘাটবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা একান্তভাবে দরকার।’
সভায় উপস্থিত চা শ্রমিক নেতারা জানান, শিল্পায়ন, কর্মসংস্থান ও মানবিক সহায়তায় সায়হাম পরিবারের ভূমিকা বাগানবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। এজন্য তারা আগামীতেও এই পরিবারের প্রতি আস্থা রেখে উন্নয়নধারাকে আরও সামনে এগিয়ে নিতে চান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




