ছবি:সংগৃহীত
সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিতব্য এ মেলায় স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশাপাশি বিশেষভাবে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলা উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ মাঠে অবকাঠামোগত কাজের উদ্বোধন করা হয়েছে। একই দিন নগরীর দরগাহ মহল্লায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমীন শম্পা।
তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী মেলা শুরু হবে এবং এটি সিলেট উইমেন চেম্বারের তত্ত্বাবধানেই পরিচালিত হবে। মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য একটি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে। তবে এর অর্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মেলা বিক্রি করে দেওয়া নয়।
লুবানা ইয়াছমীন শম্পা বলেন, ‘বাণিজ্য মেলা আয়োজনের বৈধ অধিকার সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির রয়েছে। মন্ত্রণালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী মেলা আয়োজনের প্রক্রিয়া চলছে। মেলার সঙ্গে চেম্বারের পুরো পরিচালনা পর্ষদ যুক্ত রয়েছে। পরিচালনা পর্ষদের বাইরে কারও সঙ্গে আর্থিক লেনদেন বা কোনো গোপন চুক্তির সুযোগ নেই।’
মেলার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় চেম্বারের নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
মেলা চলাকালে নগরীতে যানজট কমাতে বড় পরিসরে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলার বিভিন্ন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী উপস্থিত থাকবেন বলে তারা আশাবাদী।
আয়োজকরা আরও জানান, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়ে ইতোমধ্যে মেলার মাঠ সাজানো ও অবকাঠামোগত কাজ শুরু হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, মাসব্যাপী এ মেলার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পাবেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ, ক্রেতাদের কাছে পৌঁছানো এবং ব্যবসা সম্প্রসারণে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




