অতিরিক্ত স্ক্রিন টাইমে দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকিতে: সিভিল সার্জন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ PM

অতিরিক্ত স্ক্রিন টাইমে দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকিতে: সিভিল সার্জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ১২:২৮:০৭ PM

অতিরিক্ত স্ক্রিন টাইমে দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকিতে: সিভিল সার্জন

সংগৃহীত


দীর্ঘ সময় মোবাইল, ল্যাপটপ ও ট্যাবসহ ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের দৃষ্টিসংক্রান্ত সমস্যা বাড়ছে। পাশাপাশি কৃষিকাজসহ বিভিন্ন পেশায় অসতর্কতার কারণেও চোখের গুরুতর ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত র‌্যালি শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।রাজিউল করিম বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। বিশ্বে প্রায় ২২০ কোটি মানুষ বিভিন্ন মাত্রার দৃষ্টিসংক্রান্ত সমস্যায় ভুগছেন। শিশুদের দীর্ঘ সময় ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে চোখের ওপর চাপ পড়ছে। তাই শিশুদের স্ক্রিন টাইম সীমিত করার পাশাপাশি নিয়মিত চোখের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ধান কাটার মৌসুমে ধানগাছ বা পাতার আঘাতে অনেক কৃষক চোখে গুরুতর সমস্যায় আক্রান্ত হন। এতে কর্নিয়ায় ক্ষত, আলসারসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই কাজের সময় চোখের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ।

এ সময় ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির রাজশাহী জেলার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাশার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির পবা উপজেলার ব্যবস্থাপক আল মামুন এবং ভিশনস্প্রিংয়ের সহকারী প্রোগ্রাম ব্যবস্থাপক তন্ময় কুমার উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও সচেতনতামূলক মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা