সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে সারি-২ বালুমহালের আওতাধীন সারি নদীর বগাবিল মৌজায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড নৌকা আটক করে ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর লালাখাল বিওপির সদস্য, আনসার ব্যাটালিয়ন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে বগাবিল মৌজায় সারি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড নৌকা আটক করা হয়। পরে সেটি ডুবিয়ে দেওয়া হয়। এ ছাড়া নদীর পাড় কেটে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. মনির হোসেন বলেন, নদীর পাড় কেটে ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




