সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও সহসাধারণ সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সহসাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা নির্বাচিত হন।
অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন, সহসভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে বিলাল উদ্দিন।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়। তাঁর দায়িত্ব পালনে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়।
নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সাধারণ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




