হবিগঞ্জে পইলের মাছের মেলায় বাঘাইড় মাছের দাম ৬৫ হাজার
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ PM

হবিগঞ্জে পইলের মাছের মেলায় বাঘাইড় মাছের দাম ৬৫ হাজার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ১০:৪৭:২৯ AM

হবিগঞ্জে পইলের মাছের মেলায় বাঘাইড় মাছের দাম ৬৫ হাজার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের ঐতিহ্যবাহী পইলের মাছের মেলায় এবার সবচেয়ে বড় বাঘাইড় মাছটি প্রায় ৪০ কেজি ওজনের। এই বিশাল মাছটির দাম বিক্রেতা চেয়েছেন ৬৫ হাজার টাকা। বিক্রেতা চাহিদা মতো মূল্যের ক্রেতা না পাওয়ায় বাঘাইড় মাছটি বিক্রি করা নিয়ে চিন্তায় পড়েছেন।

মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুর থেকে আয়োজিত মেলায় রাত ৯ টায়ও বিশাল এই মাছটি বিক্রয় হয়নি।  প্রায় ২০৭ বছর ধরে পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। এই মেলা মাছের জন্য বিখ্যাত হলেও এই মেলা উপলক্ষে স্থানীয়রা আত্মীয়-স্বজনের সাথে মিলনমেলা হয়ে ওঠে।

গতকাল সোমবার থেকে আয়োজিত মেলার মূলমেলা আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত চলবে।  মূলত একদিনই আয়োজন হতো পইলের মেলা। কিন্তু জনপ্রিয়তার জন্য মেলাকে বর্তমানে দুইদিনে গড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, এইবারের মেলায় প্রায় ৪শ মৎস্য বিক্রেতা অংশ নিয়েছেন। এছাড়াও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে প্রায় সহস্রাধিক বড়-ছোট ব্যবসায়ী অংশ নিয়েছেন এই মেলায়। মঙ্গলবার পইলের মেলা ঘুরে দেখা যায়, বড় বাঘাইড় মাছটির পর সকলের দৃষ্টি আকর্ষণ করেছে বোয়াল, কাতল, রুই, বিগেট, আইর, কারপো সহ বিভিন্ন দেশী-বিদেশী সামুদ্রিক মাছে। বড় একটি বোয়ালের দাম ৩০ হাজার ও আরেকটির দাম ২৫ হাজার টাকা চাচ্ছেন বিক্রেতা।

শাহজাহান মিয়া নামের এক মাছ বিক্রেতা জানান, তিনি ২৬ কেজি ওজনের একটি কাতলসহ বেশ বড় বড় মাছ নিয়ে মেলায় এসেছেন। বড় কাতলটির দাম তিনি চাইছেন ৪৫ হাজার টাকা। ৩৫ হাজার টাকা পেলে তিনি সেটি বিক্রি করে দেবেন। জিলু মিয়া নামে এক মাছ বিক্রেতা বলেন, এখনও কেনা বেচা তেমন হয়নি তবে রাতের বেলায় বাড়বে।

এছাড়াও বাঘাইড়, রুই, কাতল, চিতল, গজার, গ্রাস কার্প, মৃগেল, সিলভার কার্প, ব্রিগেড, পোয়া, টেংরা, পুটি, শিং, কই, শোল, বাইম, চাপিলা, চান্দা, কাকিয়াসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ক্রেতাদের আকৃষ্ট করছে। মাছ ছাড়াও মেলায় কৃষি, গৃহস্থালি, ভোগ্যপণ্য, আখ ও শিশুদের খেলনা ছিল উল্লেখযোগ্য। তাই মেলায় নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক সমাগম পরিলক্ষিত হয়েছে। এ মেলাকে নিজেদের ঐতিহ্য হিসেবে ধারণ করেন পইল গ্রামসহ এর আশপাশের লোকজন।

সাব্বির নামে স্থানীয় এক তরুণ বলেন, ছোটবেলা থেকেই আমরা এ মেলার জন্য অপেক্ষা করি। এই মেলাকে ঘিরে আমাদের এলাকায় উৎসবের পরিবেশ বিরাজ করে। দূর-দূরান্ত থেকে অনেক আত্মীয়-স্বজন এই এলাকায় আসে। এটি আমাদের ঐতিহ্য।

স্থানীয় বাসিন্দা একাধিক ব্যক্তি জানান, পইল মাছের মেলা আমাদের জন্য ঐতিহ্যের একটি মেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

জৈন্তাবার্তা / মনোয়ার