সিলেটে শারদীয় দুর্গাপূজায় দ্বিতীয়বারের মতো কুমারী পূজা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ AM

সিলেটে শারদীয় দুর্গাপূজায় দ্বিতীয়বারের মতো কুমারী পূজা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ১০:৫৯:৪৪ PM

সিলেটে শারদীয় দুর্গাপূজায় দ্বিতীয়বারের মতো কুমারী পূজা

ছবি:সংগৃহীত


 সিলেটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয়বারের মতো কুমারী পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম মহাপীঠ শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে এ পূজা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের কর্মসূচি শুরু হবে ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে। এদিন আমন্ত্রণ, অধিবাস ও মহাষষ্ঠীর পূজা অনুষ্ঠিত হবে।

১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমীতে সকালে পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি এবং রাত ৯টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

১৮ অক্টোবর রবিবার মহাঅষ্টমীর আগের দিনে সকালে পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি এবং রাত ৯টায় মাতৃসংগীতানুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে পরিবেশনা করবে সিলেটের সনাতনী সাংস্কৃতিক দল ‘ঐতরেয়’।

১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমীতে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। পরে পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হবে। রাত ৯টায় মাতৃসংগীত পরিবেশন করবে সিলেটের সনাতনী সাংস্কৃতিক সংগঠন ‘গুরুচন্ডালী ব্যান্ড’।

২০ অক্টোবর মঙ্গলবার মহানবমীতে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ ও রাত ৮টায় আরতি অনুষ্ঠিত হবে। রাত ৯টায় থাকবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘মহিষাসুর বধ’। এতে পরিবেশনা করবেন নাট্যশিল্পী নান্টু দাস।

২১ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে শুভ বিজয়া দশমী। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার দেবীর আগমন ঘটবে ঘোটকে এবং গমন হবে নৌকায়।

এদিকে, আগামী ২৫ অক্টোবর রবিবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা এবং ৮ নভেম্বর রবিবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

শারদোৎসব ও কুমারী পূজার আয়োজন সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বস্তরের নাগরিকের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ