ছবি:সংগৃহীত
সিলেট নগরের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরী, এএসআই (নিঃ) নাজমুল হক প্রধানসহ পুলিশের একটি দল চালিবন্দর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করছিল।
এ সময় মেন্দিবাগ থেকে সোবহানীঘাটগামী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে রাত ৭টা ২৫ মিনিটের দিকে সোবহানীঘাটের হাজী ফার্মেসির সামনে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।
পুলিশ জানায়, আটকের পর তাদের সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পুটলা পাওয়া যায়। পুটলাগুলো থেকে মোট ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় লাল-কালো রঙের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-হ-১২-৮৪৭৮।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-হবিগঞ্জের বাহুবল থানার সুন্দ্রাটিকি গ্রামের মৃত আঃ রউফের ছেলে মোঃ সুমন মিয়া (২৬) এবং সিলেটের দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকার মৃত আমজাদ হোসেন বিশ্বাসের ছেলে আহসান হাবিব (৫২)।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৮, তারিখ ৪ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




