শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু, স্বস্তি সিলেটের ইটভাটার ব্যবসায়ীদের
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ PM

শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু, স্বস্তি সিলেটের ইটভাটার ব্যবসায়ীদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৪:৩৮:৫২ PM

শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু, স্বস্তি সিলেটের  ইটভাটার ব্যবসায়ীদের

ছবি:সংগৃহীত


 প্রায় আট মাস বন্ধ থাকার পর সিলেটের শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কয়লা আমদানি শুরু হতে যাচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা রপ্তানি শুরু করা সম্ভব হবে বলে সিলেটের আমদানিকারকদের আশ্বস্ত করেছেন ভারতের করিমগঞ্জের রপ্তানিকারকরা।

কয়লা আমদানি শুরুর খবরে সিলেটের ব্যবসায়ী ও ইটভাটা মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। ভারতের আসামের বিভিন্ন এলাকায় দুর্বল হয়ে পড়া সড়ক ও সেতু সংস্কারের কাজ শেষ হওয়ায় শেওলা স্থলবন্দর দিয়ে পুনরায় কয়লা আমদানির পথ খুলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আমদানিকারক সূত্রে জানা যায়, সিলেট সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে রয়েছে বিপুল কয়লার খনি। এসব খনি থেকে উত্তোলিত কয়লা তামাবিল ও শেওলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আমদানি করা হয়। অবস্থানগত কারণে মেঘালয়ের কিছু খনির কয়লা তামাবিল স্থলবন্দর দিয়ে এবং অন্য কিছু খনির কয়লা আসাম হয়ে শেওলা স্থলবন্দর দিয়ে আসে।

দূরত্ব কম হওয়া এবং স্বল্প সময়ে ছোট ছোট এলসির মাধ্যমে আমদানির সুযোগ থাকায় সিলেটের ব্যবসায়ীদের মধ্যে মেঘালয়ের কয়লার চাহিদা বেশি। তবে আসামের কয়েকটি এলাকায় সড়ক ও সেতুর অবস্থা নাজুক হয়ে পড়ায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সুতারকান্দি হয়ে শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ হয়ে যায়।

এতে অনেক আমদানিকারক এলসি খোলার পরও কয়লা বাংলাদেশে আনতে পারেননি। সীমান্তের ওপারে আটকে যায় তাদের এলসির বিপরীতে আমদানি করা কয়লা। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এদিকে অক্টোবর থেকে শুরু হচ্ছে ইটভাটার মৌসুম। এ সময় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় কয়লার চাহিদা বেড়ে যায়। শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি দীর্ঘদিন বন্ধ থাকায় সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা। সময়মতো কয়লা সরবরাহ করতে না পারলে ইটভাটা মালিকদের কাছ থেকে বকেয়া পাওনা আদায়ও কঠিন হয়ে পড়ার আশঙ্কা ছিল তাদের।

এ পরিস্থিতিতে ভারতের করিমগঞ্জের আমদানিকারক-রপ্তানিকারক এবং সিলেটের কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর আমদানিকারক গ্রুপের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারতীয় ব্যবসায়ীরা জানান, শেওলা স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে যে যোগাযোগ প্রতিবন্ধকতা ছিল, তা দূর হয়েছে। দুর্বল সড়ক ও সেতুগুলোর সংস্কারকাজ শেষ হয়েছে। ফলে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে তারা শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা রপ্তানি শুরু করতে পারবেন।

সভায় সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সুবিধা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা বলেন, “সিলেটের আমদানিকারকরা ভারতের মেঘালয়ের কয়লার ওপর অনেকটাই নির্ভরশীল। দূরত্ব কম হওয়ায় সকালে এলসি করলে বিকেলের মধ্যেই ভারতীয় কয়লাবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করতে পারে। এছাড়া সড়কপথে ট্রাকের মাধ্যমে পরিবহনের সুযোগ থাকায় ছোট ছোট এলসির মাধ্যমেও কয়লা আমদানি করা যায়। এ কারণে ব্যবসায়ীদের কাছে মেঘালয়ের কয়লার চাহিদা বেশি।”

তিনি বলেন, “মৌসুমের শুরুতে কয়লা আমদানি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত ভারতীয় রপ্তানিকারকরা সুখবর দিয়েছেন। প্রায় আট মাস পর শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা আমদানি শুরু হতে যাচ্ছে। ইটভাটার মৌসুম শুরু হওয়ায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়েও কয়লা আমদানি আরও বাড়বে বলে আশা করছি।”

ব্যবসায়ীরা বলছেন, শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি পুনরায় শুরু হলে একদিকে যেমন ইটভাটার মৌসুমে কয়লার সরবরাহ স্বাভাবিক হবে, অন্যদিকে দীর্ঘদিন ধরে আটকে থাকা আমদানিকারকদের ব্যবসায়িক কার্যক্রমও গতি পাবে। পাশাপাশি সীমান্তবাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল