ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির নেতারা বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতারা মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী নবগঠিত কমিটির নেতাদের নেতৃত্বে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দল আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির নেতারা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে তাঁর সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাব, প্রথম যুগ্ম সম্পাদক রায়হাদ বকস ও সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম বাবুসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




