ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে আধুনিক আবাসিক হোটেল ‘সানলাইট’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ফিতা কেটে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে আবু হুরায়রা ছাদ মাস্টার বলেন, ‘জগন্নাথপুরে এত দিন ভালো মানের আবাসিক হোটেল ছিল না। বিভিন্ন জেলা ও দূর-দূরান্ত থেকে অতিথিরা এলে আবাসনসংকটের কারণে নানা সমস্যায় পড়তে হতো। লন্ডনপ্রবাসী ছোট মিয়ার উদ্যোগে সানলাইট হোটেল চালু হওয়ায় সেই সংকট অনেকটা দূর হবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ হোটেল স্থানীয় আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছার উদ্দিন ভূঁইয়া, চিকিৎসক ডা. সৈয়দ মারজান আহমেদ, বিশিষ্ট চিকিৎসক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক তকবুর আহমেদ, বিএনপি নেতা আব্দুল হাই এবং জগন্নাথপুর প্রেসক্লাবের সহসভাপতি।
এ ছাড়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য গোবিন্দ দেব, হুমায়ূন আহমেদ, আমিনুল হক শিপন, গোলাম সারোয়ার ও প্রবাসী জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোটেল সানলাইটের ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষক শিপন মিয়া। উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান হোটেলটির ব্যবস্থাপক মনোজ কান্তি ভট্টাচার্য।
এ সময় জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, হোটেল ‘সানলাইট’ জগন্নাথপুরে আগত পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য অতিথিদের মানসম্মত আবাসনসেবা দিতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও এলাকার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




