ছবি: নিজস্ব
মাধবপুরে ১৯৮৬ সালে প্রতিষ্টিত সৈয়দ সঈদ উদ্দিন কলেজটি তার পুর্ব নাম ফিরে পেয়েছে।মঙ্গলবার(১৭ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ নাম পুনঃস্থাপনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ নভেম্বরের সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে গতকালের (১৭ ডিসেম্বর) জারী করা আদেশে বলা হয়েছে এ নামেই (সৈয়দ সঈদ উদ্দিন কলেজ) কলেজটি পরিচালিত হবে।
১৯৮৬ সালে দেশের বৃহৎ শিল্প গ্রুপ সায়হাম গ্রুপের উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি সাবেক মন্ত্রী সৈয়দ মোঃ কায়সার এলাকায় শিক্ষা বিস্তারের মহৎ উদ্দেশ্যে মাধবপুরে তার পিতা সাবেক পুর্ব পাকিস্তান গণ পরিষদ সদস্য মরহুম সৈয়দ সঈদ উদ্দিনের নামে কলেজটি প্রতিষ্টা করেন। ২০১৮ সালে হঠাৎ করে দীর্ঘদিন সুনামের সাথে পরিচালিত এ কলেজটির নাম পরিবর্তন করে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলীর পিতা মৌলানা আসাদ আলীর নামে নামকরণ করা হয়।তখন এই নাম পরিবর্তনকে এলাকাবাসী স্বাভাবিকভাবে নিতে পারেননি।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ।কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ভয়ে অনেকেই তখন মুখ বন্ধ করে রাখে।তবে ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরদিনই এলাকার লোকজন মৌলানা আসাদ আলী কলেজ লেখা সাইনবোর্ড খুলে নিয়ে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ লেখা সাইনবোর্ড লাগিয়ে দেয়।
পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় আগের নামে নামকরন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন এলাকার লোকজন।
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, 'আমরা যারা এ কলেজে লেখাপড়া করেছি গায়ের জোরে কলেজের নাম পরিবর্তনের পর আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আজ আগের নামে প্রিয় কলেজের নামকরণের বিষয়টি আমাদের আনন্দিত করেছে। এর মাধ্যমে প্রমানিত হলো সত্যের মৃত্যু নেই।
জৈন্তাবার্তা / জারা




