হবিগঞ্জের মাধবপুরে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের সার্বিক সহযোগিতায় ২ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সায়হাম গ্রুপ আয়োজিত এ ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষার কাজ শুরু হয়। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে বাছাইকৃত রোগীদের ফ্যাকো পদ্ধতিতে ছানি অপারেশনের জন্য মৌলভীবাজারে যাতায়াত ও থাকা-খাওয়ার খরচও বহন করছে সায়হাম গ্রুপ।
সোমবার সকালে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সায়হাম গ্রুপের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এ উপলক্ষে কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একেএম সেলিম, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল, ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, অধ্যক্ষ আমির হোসেন, শিক্ষক আজগর আলী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সেক্রেটারি সাংবাদিক আলা উদ্দিন আল রনি প্রমুখ।
জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সুপারভাইজার আব্দুল মন্নান বলেন, যাদের অপারেশন করা প্রয়োজন তাদের বাছাই করে মৌলভীবাজার নিয়ে যাওয়া হবে। অপারেশন শেষে আবার তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যাদের ছানি অপারেশন প্রয়োজন, তাদের ফ্যাকো পদ্ধতিতে ব্যথামুক্ত ও সেলাইবিহীন অপারেশন করানো হবে।
সায়হাম গ্রুপের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, ১৯৮৭ সাল থেকে সায়হাম গ্রুপ চোখের চিকিৎসাসেবা প্রদান করে আসছে। মাধবপুর ও আশপাশের ৬টি উপজেলার রোগীরা এ চিকিৎসাসেবা পাচ্ছেন। আগামীতে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে চিকিৎসা মেলার আয়োজন করব।
জৈন্তা বার্তা/আরআর




