লাখাইয়ে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ*ভিযোগ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

লাখাইয়ে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ*ভিযোগ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০১:৫৪:৩৬ পূর্বাহ্ন

লাখাইয়ে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ*ভিযোগ

ছবি নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সাধারণ বিভাগে সরকার নির্ধারিত বোর্ড ফি ১৬৩৫ টাকা, কেন্দ্র ফি ব্যবহারিক বিষয়সহ ৪৮৫ টাকা, সর্বমোট ২১২০ টাকা হলেও কোনো শিক্ষার্থীর ক্ষেত্রেই তা মানা হয়নি। পরীক্ষার্থীদের কাছ থেকে গড়ে ৪ হাজার টাকা আদায় করা হয়েছে। এমনকি টাকা আদায়ের প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত মাদ্রাসা থেকে টাকা আদায়ের কোনো রশিদ প্রদান করা হয়নি। ছাত্র-ছাত্রীরা রশিদ চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যায়। 

জানা যায়, আসন্ন দাখিল পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণের উদ্দেশ্যে ফরম পূরণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানায়, একজন পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় ৪-৫ বিষয়ে ফেল করায় তার কাছ থেকে ফরম পূরণ বাবদ সর্বমোট ১১ হাজার টাকা আদায় করা হয়েছে। শুধু তাই নয়, ২০২৫ সালের দাখিল পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত ক্লাসের (কোচিং) নামে প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা দিতে বাধ্য করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আরও অভিযোগ উঠেছে, উপবৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে মাসিক বেতন আদায় করে আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 

এ ব্যাপারে জানতে করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দাখিল পরীক্ষার ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ১৮০০ থেকে ২১০০ টাকার মধ্যে। এর বেশি নেওয়া অন্যায়, যা নীতিমালায় নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।

উপবৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন আদায় করার নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি বলেন, উপবৃত্তিধারী শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নিতে পারবে না। যদি নিয়ে থাকে সেটা অন্যায়।

জৈন্তা বার্তা/আরআর