হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিট থেকে মধ্যরাত ২টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মজম উল্লাহর ছেলে মো. শিবলু মিয়া (৪৫) এবং লামাপাড়া গ্রামের আব্দুল নুর মিয়ার ছেলে মো. জাকির মিয়া (৩২)।
বানিয়াচং উপজেলা পরিষদস্থ ৬ বীর আর্মি ক্যাম্প থেকে বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে সেনা সদস্যদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, ৫টি ফুয়েল পেপার, নগদ ১ হাজার ১৪০ টাকা, ৯টি টেঁটা, ৩টি দেশীয় দা, ৪টি কাঁচি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবলু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা এবং অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিলেন। তার সহযোগী জাকির মিয়াও মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
আটক ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই রূপকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
জৈন্তা বার্তা/আরআর




